’সুখ কোথায়’ মোঃ শাহাদৎ হোসেন সুখ! এ এক মায়াবী শব্দ, যার সন্ধানে আজীবন ছুটে চলেছি আমরা। জীবনের প্রতিটি বাঁকে এই একটি জিনিসেরই খোঁজ — কীভাবে সুখী হওয়া যায়, কী করলে শান্তি মেলে? আমাদের প্রচলিত ধারণা হয়তো এটাই যে, সুখ অর্জনের জন্য চাই অফুরন্ত সম্পদ। হ্যাঁ, জীবনধারণের জন্য পরিমিত সম্পদ অবশ্যই প্রয়োজন। কিন্তু সেই 'পরিমিত' শব্দটি যেন কখন হারিয়ে যায়! সম্পদ আহরণের এই নেশা যখন মরিয়া হয়ে ওঠে, তখন তা আর প্রয়োজন থাকে না, জন্ম দেয় এক ভয়ংকর প্রবণতার – লোভের। এই অতিরিক্ত আয় আর সম্পদ লাভের আশায় মানুষ দিন রাত নিরন্তর পরিশ্রম করেছে, নিজের স্বাস্থ্য আর সম্পর্ককে করেছে অবহেলা। আর জীবনের শেষে কী হয়? অর্জিত সম্পদের একটা বড় অংশই ব্যয় করতে হয় অসুস্থ হয়ে কাল কাটাতে। লোভ এক অতৃপ্ত ক্ষুধা, যা কখনোই মেটে না। আর এই লোভই মানুষকে অন্ধ করে দেয়। তখন সম্পদ অর্জনের পথটি আর সৎ থাকে না, তা মানুষকে ঠেলে দেয় অনৈতিকতার দিকে, পাপের পথে। আমরা ভুলে যাই যে, লক্ষ লক্ষ টাকা বা বস্তুর স্তূপ হয়তো ক্ষণিকের তৃপ্তি দিতে পারে, কিন্তু তা কখনোই মনের স্থায়ী শান্তি এনে দিতে পারে না। দুঃখের বিষয়, যাদের সম্...